পরিচিতি
এই সাইটের একটাই নিয়ম।
সংখ্যা লিখলে সেটা কোথা থেকে পেয়েছি, সেটাও লিখব। লিংক সহ। আপনি নিজে গিয়ে দেখে নিতে পারবেন আমি ঠিক বলছি কিনা।
শুনতে খুব সাধারণ লাগে। কিন্তু বাংলায় যত তথ্য পাওয়া যায়, তার কতটায় আসলে সোর্স থাকে, একবার খেয়াল করে দেখবেন।
এখানে যা পাবেন না
- কোর্স বিক্রি করি না। কোনো ব্যাচ নেই, কোনো "সীমিত সময়ের অফার" নেই।
- কোনো ভিসা এজেন্সি বা কনসালট্যান্সির সাথে সম্পর্ক নেই।
- অ্যাফিলিয়েট লিংক নেই। আপনি কিছু কিনলে আমি টাকা পাই না।
- নিউজ কপি করে পেস্ট করা নেই।
- "সেরা ১০" টাইপের লিস্ট নেই।
যেভাবে লিখি
সরাসরি সোর্স থেকে। যেখানে পারি, সরকারি নথি থেকেই সংখ্যা নিই। কেউ একজন কোথাও বলেছে, সেটা যথেষ্ট না।
তারিখ দিয়ে দিই। প্রতিটা লেখায় কবে লেখা আর কবে আপডেট হয়েছে লেখা থাকে। নিয়ম বদলালে লেখাও বদলাই। পুরনো তথ্য নতুন বলে চালিয়ে দিই না।
যা জানি না, সেটা বলি। অনুমানকে তথ্য বানাই না। অনুমান হলে লিখেই দিই যে এটা আমার অনুমান, আর কেন।
কেন এই বিষয়গুলো
টেক ইন্ডাস্ট্রিতে আছি অনেক বছর। এই সময়টায় দেখেছি, বাংলায় AI, চাকরি আর ভিসা নিয়ে যা বলা হয় তার অনেকটাই হয় পুরনো, নয় ভুল, নয়তো কেউ কিছু বিক্রি করার জন্য বলছে।
একটা একটা লেখা দিয়ে সেটা ঠিক করার চেষ্টা করছি।
যা আমরা নই
এই সাইটে আমেরিকান সরকারের ফাইল থেকে নেয়া অনেক সংখ্যা থাকে। তাই একটা কথা পরিষ্কার করে বলে রাখা দরকার।
- U.S. Department of State, USCIS, DOL বা অন্য কোনো সরকারি সংস্থার সাথে Bangla Vibes এর কোনো সম্পর্ক নেই। প্রত্যক্ষ বা পরোক্ষ, কোনোটাই না। আমি ওদের প্রকাশ করা নথি পড়ি, ব্যস।
- ভিসা বা ইমিগ্রেশনের কোনো সেবা এখান থেকে দেয়া হয় না। আমি কারও কেস দেখি না, কাগজ জমা দিই না, কারও হয়ে কথা বলি না।
- কোনো টাকার লেনদেন নেই। সাইটে কিছু বিক্রির নেই, কোনো ফি নেই, কোনো স্পনসরশিপ নেই।
কেউ যদি Bangla Vibes এর নাম বলে আপনার কাছে টাকা চায়, বা বলে যে আমাদের মাধ্যমে ভিসার ব্যবস্থা হবে, তাহলে সেটা মিথ্যা। জানাবেন।
সিদ্ধান্ত নেয়ার আগে
এখানকার প্রতিটা সংখ্যার পাশে সোর্স দেয়া থাকে, আর সোর্সটা বেশিরভাগ সময় সরকারি নথি। তবু নিজের কেসের সিদ্ধান্ত নেয়ার আগে সরকারি সাইটে গিয়ে নিজে মিলিয়ে নিবেন। নিয়ম মাসে মাসে বদলায়, আর আমার লেখা পড়ার দিন আর আজকের দিন এক নাও হতে পারে।
ভুল পেলে জানান
কোনো সংখ্যা ভুল মনে হলে সোর্স সহ Facebook গ্রুপে লিখুন বা পেজে মেসেজ করুন। যাচাই করে ঠিক করে দেব, আর পাতায় আপডেটের তারিখ বদলে যাবে। ভুল ধরিয়ে দিলে বিরক্ত হই না, উপকার হয়। গ্রুপে লিখলে বাকি পাঠকরাও সংশোধনটা দেখতে পান।