EB3 এজেন্সি: সরকারি ফাইলে কার নাম কতবার আছে, আর তার কেসগুলোর কী হয়েছে
বাংলাদেশিদের ১,৬১২টা PERM কেসের মধ্যে ৪৬৩টা একটাই ল ফার্মের। ওই ফার্মের ডিনাই রেট ২৭.৯%, আরেকটার ৫৮.৬%।
EB3 VISA For Bangladeshi - EB3 VISA Visa Agency in Bangladeshইউটিউবের এই ভিডিওটা পুরনো। লেখাটা আলাদা করে নতুন ডেটা দিয়ে লেখা, তাই দুইটা হুবহু এক নাও হতে পারে।
EB3 এজেন্সি নিয়ে পরামর্শ একটাই শোনা যায়: ভালো এজেন্সি ধরবেন। কিন্তু ভালো মানে কী, আর সেটা যাচাই করবেন কীভাবে, সে কথা কেউ বলে না।
আজকে একটা অন্যরকম উপায় দেখাই। DOL এর PERM ফাইলে প্রতিটা কেসের সাথে উকিল বা এজেন্টের নাম লেখা থাকে, আর কেসটার শেষ ফলাফলও লেখা থাকে।
কার হাত দিয়ে কয়টা কেস গেছে, আর তার কয়টা টিকেছে, সেটা গুণে দেখা যায়। সেটাই করলাম।
ফাইলে আসলে কার নাম থাকে
ফাইলে লেখা থাকে অ্যাটর্নি বা এজেন্টের নাম, মানে যিনি এমপ্লয়ারের হয়ে DOL এ কাগজ জমা দিয়েছেন। বাংলাদেশে বসে যে এজেন্ট আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, তার নাম এখানে থাকে না।
কিন্তু তারপরও এই হিসাবটা কাজের। কারণ বাংলাদেশি কেসগুলো কয়েকটা নির্দিষ্ট হাত দিয়ে যাচ্ছে, আর সেই হাতগুলোর ট্র্যাক রেকর্ড আলাদা।
FY2024 এ বাংলাদেশিদের কেস কার হাত দিয়ে গেছে
| কে ফাইল করেছে | কেস | সচল সার্টিফিকেট | ডিনাই | ডিনাই রেট |
|---|---|---|---|---|
| কোনো উকিল লেখা নেই | ৫৪০ | ১৯৫ | ৬৩ | ১১.৭% |
| American International Immigration Law | ৪৬৩ | ৯০ | ১২৯ | ২৭.৯% |
| Ruby Law Group | ৯৪ | ৩৫ | ১ | ১.১% |
| Fragomen, Del Rey, Bernsen & Loewy | ৯০ | ৯ | ২ | ২.২% |
| American Investor Immigration Law | ৫৮ | ০ | ৩৪ | ৫৮.৬% |
| Rodney Bernstein | ২৭ | ১৬ | ১ | ৩.৭% |
| Law Offices of Gary J. Kim | ২৪ | ০ | ০ | ০% |
| Aum & Lee | ১৯ | ১২ | ০ | ০% |
দুইটা জিনিস চোখে পড়ে।
এক, ভয়ানক ঘনত্ব। “American” দিয়ে শুরু নাম দুইটা মিলিয়ে ৫২১টা কেস। বাংলাদেশিদের প্রায় এক তৃতীয়াংশ একই জায়গা থেকে যাচ্ছে।
দুই, ফলাফলে বিশাল তফাত। একই দেশের, প্রায় একই ধরনের কাজের আবেদন। অথচ একটার ডিনাই রেট ১.১%, আরেকটার ৫৮.৬%। পঞ্চাশ গুণের বেশি পার্থক্য।
এমপ্লয়ারের দিকটা আরও পরিষ্কার
একই ফাইলে এমপ্লয়ারের নামও আছে। ওটা গুনলে জিনিসটা আরও স্পষ্ট হয়।
| এমপ্লয়ার | বাংলাদেশি কেস | শেষে সচল ছিলো |
|---|---|---|
| GDI Services Inc. | ১৫০ | ০ |
| Controlled Contamination Services | ১৪৩ | ৪৭ |
| LABOR GUYS, LLC | ১০১ | ১৬ |
| HES Facilities, LLC | ৪১ | ০, ৪১টাই ডিনাই |
| Cleanstar National Inc | ৩৪ | ০, ৩৪টাই ডিনাই |
| LRC2 Management | ৩৫ | ০, সবগুলোর মেয়াদ শেষ |
GDI Services এর হয়ে ১৫০ জন বাংলাদেশি লাইনে দাঁড়িয়েছিলেন। ১৪০টা সার্টিফাইড হয়েছিলো, একটাও ব্যবহার হয়নি। বাকি ১০টা ডিনাই। ১৫০ জনের একজনও এগোয়নি।
এবার ভাবুন। ওই ১৫০ জনের প্রত্যেকে যদি ২০ লাখ করে দিয়ে থাকেন, তাহলে অঙ্কটা ৩০ কোটি টাকা।
তাহলে এজেন্সি বাছবেন কীভাবে
আমি কোনো এজেন্সির নাম সুপারিশ করবো না, করতেও পারি না। কিন্তু কয়েকটা প্রশ্ন আছে যেগুলোর উত্তর আপনার জানা দরকার।
১। এমপ্লয়ারের নাম কী
সবচেয়ে জরুরি প্রশ্ন এইটাই, আর এইটা নিয়েই সবচেয়ে বেশি এড়িয়ে যাওয়া হয়। “টেক্সাসের একটা হোটেল” কোনো উত্তর না।
নাম পেলে আপনি নিজে DOL এর ফাইলে খুঁজে দেখতে পারবেন ওই কোম্পানি আগে কয়টা কেস করেছে আর সেগুলোর কী হয়েছে। উপরের টেবিলটা আমি ঠিক এভাবেই বানিয়েছি।
২। উকিল কার পক্ষে
PERM কেসে উকিল এমপ্লয়ারের পক্ষে থাকে। এটা নিয়ম, প্রতারণা না। কিন্তু এর মানে হলো আপনার স্বার্থ দেখার কেউ নেই।
20 CFR 656.12(b) আপনাকে নিজের আলাদা উকিল রাখার অধিকার দিচ্ছে। খরচ হয়, কিন্তু ২০ লাখের হিসাবে সেটা সামান্য।
৩। ফি এর ভাঙতি হিসাব লিখিত আছে কি
কোনো লাইনে PERM বিজ্ঞাপন, DOL ফাইলিং বা এমপ্লয়ারের উকিলের ফি থাকতে পারবে না। থাকলে সেটা আইন লঙ্ঘন।
৪। এমপ্লয়ার বেতন দেয়ার সামর্থ্য দেখাতে পারবে
I-140 ডিনাই হওয়ার সবচেয়ে বড় কারণই এটা। আসল স্পনসর হলে তার ট্যাক্স রিটার্ন আর অডিট রিপোর্ট তৈরি থাকবে।
৫। টাইমলাইন কত বলছে
চার বছরের কম বললে মিথ্যা বলছে। শুধু PERM টাই বাংলাদেশিদের ক্ষেত্রে মাঝামাঝি ৩৯২ দিন নিয়েছে, তারপর ভিসার লাইন।
নাম চাইবেন, তারপর মিলিয়ে নিবেন
বৈধ এজেন্সি আছে। ভালো উকিলও আছে, উপরের টেবিলেই দেখতে পাচ্ছেন কারও কারও ডিনাই রেট ১%।
কিন্তু “ভালো এজেন্সি” যাচাই করার একমাত্র উপায় হলো নাম আর সংখ্যা। বিশ্বাস আর পরিচিত মানুষের রেফারেন্স দিয়ে না। ফাইলটা পাবলিক, নাম জানলে আপনি নিজেই মিলিয়ে নিতে পারবেন।