EB3 ভিসা

EB3 ভিসার খরচ: আইনে কে কোনটা দিবে, আর ২০ লাখ টাকাটা আসলে কীসের

সরকারি ফি এর তালিকা ধরে হিসাব করলে কর্মীর বৈধ খরচ কয়েক হাজার ডলার। বাকিটা কীসের, সেটাই আসল প্রশ্ন।

EB3 VISA COST - EB3 ভিসা খরচ ও অন্যান্য প্রশ্নইউটিউবের এই ভিডিওটা পুরনো। লেখাটা আলাদা করে নতুন ডেটা দিয়ে লেখা, তাই দুইটা হুবহু এক নাও হতে পারে।

EB3 এর খরচ কত, জিজ্ঞেস করলে উত্তর আসে একটা মোট অঙ্কে। আঠারো লাখ। বাইশ লাখ।

কিন্তু মোট অঙ্ক দিয়ে কিছু বোঝা যায় না। বুঝতে হলে ভাঙতে হবে। কোন খরচটা সরকারি ফি, কোনটা আইনত এমপ্লয়ারের, আর কোনটা আসলে কারও পকেটে যাচ্ছে।

তো আজকে সেটাই করি। সরকারি ফি এর তালিকা ধরে, লাইন বাই লাইন।

খরচটা তিন ভাগে ভাগ হয়

EB3 এর পুরো প্রসেসটা তিনটা ধাপে হয়, আর প্রতিটা ধাপের খরচের দায় আলাদা।

১। PERM লেবার সার্টিফিকেশন, এটা করে এমপ্লয়ার, DOL এ। ২। I-140 পিটিশন, এটাও করে এমপ্লয়ার, USCIS এ। ৩। ভিসা বা স্ট্যাটাস চেঞ্জ, এটা করেন আপনি নিজে।

আইনের চোখে এই তিন ধাপের খরচের দায়ও আলাদা। সেটাই এখন দেখি।

ধাপ এক: PERM, এর পুরো খরচ এমপ্লয়ারের

এখানে আইনটা একদম পরিষ্কার। 20 CFR 656.12(b) বলছে, লেবার সার্টিফিকেশন পাওয়ার সাথে সম্পর্কিত কোনো খরচ এমপ্লয়ার কর্মীর কাছ থেকে নিতে পারবে না, নেয়ার চেষ্টাও করতে পারবে না। এমপ্লয়ারের উকিলের ফি সহ।

তবে এর আগের প্যারাটা, 656.12(a), আরও জোরালো। সেখানে লেখা আছে:

লেবার সার্টিফিকেশনের আবেদন এবং অনুমোদিত লেবার সার্টিফিকেশন পণ্য নয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এগুলো বিক্রি, বিনিময় বা কেনার জন্য প্রস্তাব করতে পারবে না।

আর কেনাবেচার প্রমাণ পাওয়া গেলে কী হয়, সেটাও লেখা আছে। তদন্ত হবে। 656.24 ধারায় ডিনাই, 656.32 ধারায় বাতিল, 656.31(f) ধারায় ডিবারমেন্ট। বা একসাথে সবগুলো।

খেয়াল করার মত জায়গাটা এই। আইনটা শুধু এমপ্লয়ারের উপর না। “কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান” বলতে সবাইকে বোঝানো হয়েছে।

এই খরচগুলোর সবই এমপ্লয়ারের:

  • খবরের কাগজে বিজ্ঞাপন, রোববারের এডিশনে দুইবার
  • স্টেট ওয়ার্কফোর্স এজেন্সিতে জব অর্ডার
  • কোম্পানির ভেতরে নোটিশ টাঙানো
  • আরও তিনটা অতিরিক্ত রিক্রুটমেন্ট স্টেপ, প্রফেশনাল পজিশন হলে
  • DOL এ ফাইলিং
  • এমপ্লয়ারের উকিলের ফি
একটা ব্যতিক্রম, আর তার ভেতরে আরেকটা শর্ত 656.12(b) তে লেখা আছে, কর্মী নিজের উকিলের খরচ দিতে পারবেন। কিন্তু একই বাক্যে এটাও লেখা আছে: একই উকিল যদি কর্মী আর এমপ্লয়ার দুইজনেরই পক্ষে কাজ করে, তাহলে সেই খরচ এমপ্লয়ারকেই দিতে হবে।

মিলিয়ে নিবেন। এজেন্টের দেয়া উকিল যদি এমপ্লয়ারেরও উকিল হয়, তাহলে ওই ফি আপনার কাছ থেকে নেয়া যাবে না।

আর ফাইলেই লেখা থাকে এমপ্লয়ার টাকা নিয়েছে কি না

এই জায়গাটা মজার। PERM ফর্মে DOL সরাসরি জিজ্ঞেস করে, এমপ্লয়ার কি এই আবেদনের জন্য কারও কাছ থেকে টাকা পেয়েছে? কলামটার নাম EMP_RECEIVED_PAYMENT

FY2024 এর ফাইলে বাংলাদেশিদের ১,৬১২টা কেস আছে। আমি গুণে দেখলাম।

১,৬১২টার মধ্যে ১,৬১২টাতেই উত্তর “N”। প্রতিটা এমপ্লয়ার লিখিতভাবে বলেছে, তারা কারও কাছ থেকে কোনো টাকা নেয়নি।

এখন মিলান। বাংলাদেশে ওই একই কেসগুলোর জন্য মানুষ ১৫ থেকে ২৫ লাখ টাকা দিচ্ছে। সরকারি ফাইলে সেই টাকার কোনো অস্তিত্ব নেই।

তার মানে টাকাটা এমপ্লয়ারের কাছে যাচ্ছে না, অন্তত কাগজে কলমে না। যাচ্ছে মাঝখানের কারও কাছে।

ধাপ দুই: I-140, এখানে সংখ্যা আছে

USCIS তাদের ফি এর তালিকা প্রকাশ করে, ফর্ম G-1055। সেখান থেকে:

কীফি
I-140 (কাগজে)$৭১৫
I-140 (অনলাইনে)$৬৬৫
অ্যাসাইলাম প্রোগ্রাম ফি, সাধারণ এমপ্লয়ার$৬০০
অ্যাসাইলাম প্রোগ্রাম ফি, ছোট এমপ্লয়ার$৩০০
অ্যাসাইলাম প্রোগ্রাম ফি, ননপ্রফিট$০

তার মানে একটা সাধারণ কোম্পানির জন্য I-140 এর মোট খরচ $৭১৫ + $৬০০ = $১,৩১৫

তাড়াহুড়া থাকলে প্রিমিয়াম প্রসেসিং নেয়া যায়, I-907 ফর্ম। EB3 এর জন্য সেটা আরও $২,৯৬৫

এই ফি টা সাধারণত এমপ্লয়ার দেয়। আইনে I-140 এর ফি নিয়ে PERM এর মত কঠিন নিষেধাজ্ঞা নেই, তাই এটা নিয়ে দর কষাকষি হয়।

ধাপ তিন: এখানে আপনার খরচ

এবার আপনার পালা। আপনি কোথায় আছেন তার উপর নির্ভর করে দুইটা রাস্তা।

দেশে থাকলে, কনস্যুলার প্রসেসিং

কীফি
DS-260, এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপ্লিকেশন$৩৪৫
মেডিকেল এক্সামিনেশননির্ধারিত ডাক্তার, দাম আলাদা
পুলিশ ক্লিয়ারেন্স, সার্টিফিকেট ট্রান্সলেশননিজের
ঢাকায় যাতায়াত, থাকানিজের

আমেরিকায় থাকলে, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস

কীফি
I-485 (কাগজে), ১৪ বছরের বেশি বয়স$১,৪৪০
I-485 (অনলাইনে)$১,৩৯০
I-765 ওয়ার্ক পারমিট$৫২০, তবে I-485 পেন্ডিং থাকলে $২৬০

এবার মোট যোগ করি

ধরি আপনি দেশে আছেন, আর সবচেয়ে বাজে অবস্থাটা ধরে নিই: এমপ্লয়ার কিছুই দিচ্ছে না আর সবটা আপনার ঘাড়ে।

I-140 এর $১,৩১৫, DS-260 এর $৩৪৫, মেডিকেল আর কাগজপত্র ধরুন $৪০০, যাতায়াত ধরুন $২০০। মোট প্রায় $২,২৬০। বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন লাখ।

নিজের জন্য একজন আমেরিকান ইমিগ্রেশন উকিল রাখলে আরও $২,০০০ থেকে $৫,০০০ ধরুন। তাতেও মোট দাঁড়ায় সাত থেকে দশ লাখ টাকার মত, আর এটা সবচেয়ে বেশি ধরে।

তাহলে ২০ লাখের বাকিটা? স্পনসর খুঁজে দেয়ার ফি। ব্রোকারেজ। এটা নিজে থেকে বেআইনি না, কিন্তু এটা কোনো সরকারি ফি না, আর এর বিনিময়ে আপনি ভিসা পাচ্ছেন না। পাচ্ছেন একটা পরিচয় আর একটা ফাইলিং।

টাকা দেয়ার আগে যে প্রশ্নটা করবেন

এজেন্ট যে অঙ্কটা বলছে, সেটা ভেঙে লিখিত চাইবেন। লাইন বাই লাইন।

তারপর মিলিয়ে দেখবেন, কোনো লাইনে PERM বিজ্ঞাপন, DOL ফাইলিং বা এমপ্লয়ারের উকিলের ফি আছে কি না। থাকলে সেটা 20 CFR 656.12(b) এর সরাসরি লঙ্ঘন, আর ওই এক লাইন থেকেই বাকিটা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।

একটা বড় অঙ্ক থাকবেই, যার পাশে কোনো ব্যাখ্যা নেই। ওটাই আসল ফি। বাকিটা সাজানো।

এই বিষয়ে আরও