EB3 ভিসা

EB3 নাকি B3? প্রথমে জেনে নিন, B3 বলে আমেরিকার কোনো ভিসাই নেই

স্টেট ডিপার্টমেন্টের সম্পূর্ণ ভিসা তালিকায় B ক্যাটাগরিতে আছে দুইটা, B-1 আর B-2। B-3 নামে কিছু নেই।

EB3 নাকি B3 কোনটা আপনার দরকার? EB3 vs B3 Visa for Bangladeshiইউটিউবের এই ভিডিওটা পুরনো। লেখাটা আলাদা করে নতুন ডেটা দিয়ে লেখা, তাই দুইটা হুবহু এক নাও হতে পারে।

“EB3 নাকি B3, কোনটা আমার দরকার?” প্রশ্নটা বহুবার এসেছে। উত্তর দিচ্ছি, তবে উত্তরটা হয়তো আপনি যেটা ভাবছেন সেটা না।

প্রশ্নটার উত্তর দেয়ার আগে একটা জিনিস মিলিয়ে নেয়া দরকার ছিলো। মিলিয়ে দেখলাম।

B3 বলে কিছু নেই

স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইটে আমেরিকার সবগুলো ভিসা ক্যাটাগরির একটা পূর্ণাঙ্গ তালিকা রাখে। ইমিগ্র্যান্ট আর নন-ইমিগ্র্যান্ট, সব মিলিয়ে।

আমি ওই তালিকাটা খুলে B দিয়ে শুরু সবগুলো কোড বের করলাম। যা পেলাম:

কোডকী
B-1ব্যবসায়িক কাজে সাময়িক সফর
B-2বেড়াতে, চিকিৎসার জন্য, আত্মীয়ের কাছে

ব্যস। দুইটা। B-3 নামে কোনো ক্যাটাগরি ওই তালিকায় নেই, কারণ সেটার অস্তিত্ব নেই।

তাহলে মানুষ B3 বলে কী বোঝায়? বাংলাদেশে "বি৩ ভিসা" কথাটা এজেন্টদের মুখে চালু হয়ে গেছে। কেউ বোঝায় B-1/B-2, কেউ বোঝায় ওয়ার্ক পারমিট, কেউ কিছুই বোঝায় না। কথাটা যেহেতু আইনে নেই, তাই যে বলছে সে যা খুশি বোঝাতে পারে। আর সেটাই সমস্যা।

কেউ যদি আপনাকে “বি৩ ভিসা” দেয়ার কথা বলে, প্রথম প্রশ্নটা হবে, ফর্মের নাম কী আর ভিসা ক্লাসটার কোড কী। উত্তর না পেলে সেখানেই কথা শেষ।

এবার আসল তুলনায় আসি

মানুষ আসলে জানতে চায় অন্য একটা জিনিস। আমেরিকায় যাবো ট্যুরিস্ট হয়ে, নাকি চাকরির স্পনসরশিপে? দুইটা একেবারে আলাদা জিনিস।

B-1/B-2EB3
ধরননন-ইমিগ্র্যান্ট, সাময়িকইমিগ্র্যান্ট, স্থায়ী
শেষে কী পানকয়েক মাসের অনুমতিগ্রিন কার্ড
কাজ করা যায়না, একদমই নাহ্যাঁ, স্পনসরের কাজেই
এমপ্লয়ার লাগেনাহ্যাঁ, ছাড়া কিছুই হয় না
সময়কয়েক মাসকয়েক বছর
ইনটেন্টফিরে আসার প্রমাণ লাগেথেকে যাওয়াটাই উদ্দেশ্য

দুইটার উদ্দেশ্য বিপরীত। B ভিসার জন্য আপনাকে প্রমাণ করতে হয় আপনি ফিরে আসবেন। EB3 এর পুরো ব্যাপারটাই হলো থেকে যাওয়া

এই কারণেই “বি ভিসায় গিয়ে তারপর দেখা যাবে” পরিকল্পনাটা বিপজ্জনক। যাওয়ার সময়েই যদি থেকে যাওয়ার ইচ্ছা থাকে, সেটা ভিসা আবেদনে মিথ্যা বলা।

তাহলে কোনটা আপনার দরকার

সোজা করে বলি।

আপনি বেড়াতে যাবেন, আত্মীয়ের সাথে দেখা করবেন, বা চিকিৎসা করাবেন? B-2। কয়েক মাসের ব্যাপার, কোনো এমপ্লয়ার লাগে না, আর কাজ করা যাবে না।

আপনি মিটিং, কনফারেন্স বা ব্যবসায়িক আলোচনায় যাবেন? B-1। এখানেও বেতনের কাজ করা যাবে না।

আপনি আমেরিকায় থাকতে আর কাজ করতে চান, স্থায়ীভাবে? তাহলে আপনার একটা এমপ্লয়ার লাগবে যে আপনার জন্য স্পনসর করবে। EB3 সেই রাস্তা। কিন্তু সংখ্যাগুলো আগে দেখে নিন।

EB3 এর সংখ্যাগুলো

চার বছরে বাংলাদেশ থেকে EB3 আনস্কিল্ড ভিসা পেয়েছেন ২৫৮ জন। বছরে গড়ে ৬৫।

আর এখানে একটা জিনিস প্রায় কেউ বলে না। EB3 এর ভেতরেই দুইটা আলাদা লাইন আছে, আর দুইটার গতি সম্পূর্ণ আলাদা।

স্কিলড ও প্রফেশনালআনস্কিল্ড (Other Workers)
শর্ত২ বছরের অভিজ্ঞতা বা ব্যাচেলর ডিগ্রিকিছু লাগে না
আজ লাইন কত পিছিয়ে২৫ মাস৫৩ মাস
গত ১১ মাসে এগিয়েছে১৭ মাস৮.৫ মাস

স্কিলড লাইনটা বাস্তব সময়ের চেয়ে দ্রুত এগোচ্ছে, তাই ছোট হচ্ছে। আনস্কিলড লাইন এগোচ্ছে ধীরে, তাই লম্বা হচ্ছে।

আপনার যদি ডিগ্রি বা দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে স্কিলড সাব-ক্যাটাগরিতে যাওয়ার চেষ্টা করুন। পার্থক্যটা আজকের হিসাবেই আড়াই বছরের।

আর একটা রাস্তা, যেটা নিয়ে কেউ কথা বলে না

স্টেট ডিপার্টমেন্টের টেবিল থেকে বাংলাদেশের চার বছরের হিসাবটা দেখুন।

অর্থবছরEB1EB2EB3 স্কিলডEB3 আনস্কিল্ড
FY2021১৯১০১১৩২
FY2022২০৪৯১৫৪৪
FY2023১০৬৯১৯১০৪
FY2024১৫১০৭১২৭৮

খেয়াল করবেন বিষয়টা। EB2 তে বাংলাদেশিদের সংখ্যা চার বছরে ১০ থেকে ১০৭ এ উঠেছে, দশ গুণেরও বেশি। FY2024 এ EB2 দিয়ে বাংলাদেশিরা এসেছেন আনস্কিলড EB3 এর চেয়েও বেশি।

EB2 হলো অ্যাডভান্সড ডিগ্রি বা এক্সেপশনাল অ্যাবিলিটির ক্যাটাগরি। মাস্টার্স থাকলে, বা ব্যাচেলর প্লাস পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে এই লাইনে চেষ্টা করা যায়।

পড়াশোনা আর অভিজ্ঞতা যাদের আছে, তাদের জন্য সবচেয়ে বড় দরজাটা EB3 না, EB2। অথচ এজেন্টদের আলোচনায় এই ক্যাটাগরিটার নামই আসে না, কারণ এখানে বিক্রি করার মত কিছু নেই।

সংক্ষেপে

B3 বলে কিছু নেই। B-1/B-2 আর EB3 এর মধ্যে বেছে নেয়ার প্রশ্নই ওঠে না, কারণ দুইটা দুই জিনিস। আর আপনার যদি ডিগ্রি থাকে, তাহলে আপনার আসল প্রশ্নটা EB3 না, EB2।

এই বিষয়ে আরও

EB3 ভিসা

EB3 এজেন্সি: সরকারি ফাইলে কার নাম কতবার আছে, আর তার কেসগুলোর কী হয়েছে

বাংলাদেশিদের ১,৬১২টা PERM কেসের মধ্যে ৪৬৩টা একটাই ল ফার্মের। ওই ফার্মের ডিনাই রেট ২৭.৯%, আরেকটার ৫৮.৬%।

হালনাগাদ ১৮ সেপ্টেম্বর, ২০২৬2 টি সোর্স
EB3 ভিসা

EB3 ভিসার খরচ: আইনে কে কোনটা দিবে, আর ২০ লাখ টাকাটা আসলে কীসের

সরকারি ফি এর তালিকা ধরে হিসাব করলে কর্মীর বৈধ খরচ কয়েক হাজার ডলার। বাকিটা কীসের, সেটাই আসল প্রশ্ন।

হালনাগাদ ১৮ সেপ্টেম্বর, ২০২৬4 টি সোর্স
EB3 ভিসা

EB3 VISA for Bangladeshi - EB3 ভিসাতে আমেরিকায় স্থায়ীভাবে থাকার সুযোগ

ইবি৩ ভিসায় আমেরিকায় স্থায়ী হওয়ার পুরো ছবিটা। ভিডিওটা ২০২১ এর, লেখাটা নতুন করে লিখছি।

৬ আগস্ট, ২০২১